২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে মনোনীত ৭ বিশিষ্ট ব্যক্তি, ছয়জন পাচ্ছেন মরণোত্তর পুরস্কার
দিগন্ত জার্নাল প্রতিবেদক
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ছয়জনই পাচ্ছেন মরণোত্তর পুরস্কার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার রাষ্ট্রীয় এই সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান (আজম খান) (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্য শ্রেণিতে আবরার ফাহাদ (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে, ১৯৭৭ সাল থেকে সরকার প্রতি বছর স্বাধীনতা পুরস্কার প্রদান করে আসছে। পুরস্কারপ্রাপ্তদের ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।