নাটোরে বরখাস্তকৃত এসপির জামিন নামঞ্জুর, সাংবাদিকদের ওপর হামলা - দিগন্ত জার্নাল

নাটোরে বরখাস্তকৃত এসপির জামিন নামঞ্জুর, সাংবাদিকদের ওপর হামলা

দিগন্ত জার্নাল ডেস্ক :

নাটোরে যৌতুক ও নারী নির্যাতন মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হকের জামিন নামঞ্জুরের পর কোর্ট হাজতে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে কয়েকজন ক্যামেরাপারসন আহত হন। ঘটনার পর সাংবাদিকরা বিক্ষোভ শুরু করলে বিপুলসংখ্যক সেনাসদস্যের উপস্থিতিতে আসামিকে কারাগারে পাঠানো হয়।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম মঙ্গলবার (১২ মার্চ) যৌতুক ও নারী নির্যাতন মামলায় বরখাস্তকৃত ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে কোর্ট পুলিশ প্রথমে তাকে হাজতে না রেখে কোর্ট ইন্সপেক্টরের কক্ষে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে সাংবাদিকরা প্রতিবাদ জানান। এরপর হাজতখানায় নেওয়ার সময় এসএম ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা চালান, যার ফলে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপারসনরা আহত হন।

ঘটনার পর নাটোরের সব সাংবাদিক কোর্ট চত্বরে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত এসপিকে হ্যান্ডকাফ পরিয়ে, মুখের মাস্ক খুলে ও মাজায় দড়ি বেঁধে কারাগারে নেওয়ার দাবি জানান। উত্তেজনা বাড়তে থাকলে বিকেল ৩টার দিকে বিপুলসংখ্যক সেনাসদস্য উপস্থিত হন এবং আসামিকে যথাযথ প্রক্রিয়ায় কারাগারে নিয়ে যান।

নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহমেদ রফিক বাবন জানান, সাংবাদিক নেতারা জেলা জজ ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আহত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দ্রুত তদন্ত করে কোর্ট পুলিশের গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

an adbox will go here