রাজশাহীতে চিকিৎসকদের আন্দোলন: রামেক হাসপাতালে সেবা বন্ধ - দিগন্ত জার্নাল

রাজশাহীতে চিকিৎসকদের আন্দোলন: রামেক হাসপাতালে সেবা বন্ধ

দিগন্ত জার্নাল ডেস্ক :

রাজশাহীর ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের পাঁচ দফা দাবিতে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সিনিয়র চিকিৎসকরাও। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়। পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হন।

মঙ্গলবার দুপুরে সর্বস্তরের চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রামেক হাসপাতাল এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তারা জরুরি বিভাগের বাইরে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দেন। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এর ফলে রাজশাহীর স্বাস্থ্যসেবা কার্যত অচল হয়ে পড়ে।

রামেক হাসপাতালের ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা জানান, সকাল থেকে ওয়ার্ডে কোনো চিকিৎসক ছিলেন না। জরুরি প্রয়োজন হলেও পরামর্শের জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না। নার্সরা কোন সমাধান দিতে পারছিলেন না, ফলে নতুন রোগীদের চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হয়নি।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। রাজশাহীর লক্ষীপুর এলাকার ক্লিনিকপাড়ায় বহু রোগী দিশেহারা হয়ে ঘুরতে দেখা গেছে। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল, যেখানে নিরাপত্তাকর্মী মাইকে ঘোষণা দিয়ে বলছিলেন যে কোনো চিকিৎসক বসবেন না।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, প্রথমে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন এবং পরে সিনিয়র চিকিৎসকরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালের ৬০টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র জরুরি বিভাগ এবং নতুন ভর্তি হওয়া রোগীদের জন্য চিকিৎসাসেবা চালু রয়েছে।

এই আন্দোলন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর নতুন আইন, যেখানে এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্যরা ‘ডাক্তার’ লিখতে পারবেন না, এর বিরুদ্ধে করা রিট প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে চলছে।

an adbox will go here