শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলায় হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ মার্চ) এই আদেশ দেওয়া হয়।
পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন সাবেক ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ। অন্য মামলায় কারাবন্দি থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আগামী ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত ২৭ নভেম্বর হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, শেখ ফজলে নূর তাপস, হাছান মাহমুদ, হাজী সেলিম, সালমান এফ রহমান, শামীম ওসমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম রয়েছে।
বাদীর অভিযোগ, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে সমাবেশ করে। রাত ১১টার দিকে আসামিরা যোগসাজশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের ওপর অভিযান চালান। এতে বহু হতাহতের ঘটনা ঘটে এবং লাশ গুম করা হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।