শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
দিগন্ত জার্নাল ডেস্ক :
গণহত্যার দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সংগঠনটি, যেখানে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও অন্যদের গ্রেফতারের দাবিও জানিয়েছে তারা। সংগঠনটির মুখপাত্র ওসমান হাদি বলেন, “যারা শাহবাগের বন্ধু, তারা বাংলাদেশের শত্রু। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঈদ করব ইনশাআল্লাহ।”
বুধবার বিকাল ৪টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। নারী নিপীড়নের বিচার দ্রুত নিশ্চিত করতে ৯০ দিনের মধ্যে ট্রাইব্যুনালের দাবি জানিয়ে হাদি বলেন, “যতক্ষণ এটি বাস্তবায়ন না হবে, আমরা শাহবাগ ছাড়ব না।”
এদিকে, গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী আক্তারকে গ্রেফতারের দাবিতে ওসমান হাদি বলেন, “পুলিশের ওপর হামলা আগে করা হয়েছে, অথচ তারা টিয়ারগ্যাস বা লাঠিচার্জ করেনি। নারী নিপীড়নের শাস্তির দাবিতে শাহবাগীরা এসে স্লোগান দিয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। তাই লাকি আক্তারসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি চলছিল।