শেরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা নাজমুল ইসলাম সম্রাট গ্রেফতার - দিগন্ত জার্নাল

শেরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা নাজমুল ইসলাম সম্রাট গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক:

নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট (৩৮)কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেরপুর শহরের মীরগঞ্জ মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্রাট মীরগঞ্জ মহল্লার নুরুল ইসলামের ছেলে।

বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ শিক্ষার্থী হত্যাসহ মোট ৬টি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, নাজমুল ইসলাম সম্রাট গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যাসহ ৬ মামলার এজাহার নামীয় আসামি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরগঞ্জ মহল্লায় অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানির তারিখ ধার্য করা সম্ভব হয়নি। নথি প্রাপ্তি সাপেক্ষে তারিখ ধার্য করে রিমান্ড শুনানি হবে। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম সম্রাট ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা, ছাত্র হত্যা সহ মোট ছয়টি মামলার আসামি নাজমুল ইসলাম সম্রাট। ৫ আগস্ট নজিরবিহীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নাজমুল ইসলাম সম্রাট পলাতক ছিলেন। সম্প্রতি পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর কয়েকদিন আগে সে বাড়িতে আসে, এবং মঙ্গলবার রাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

an adbox will go here