সিলেটে ১২ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি
দিগন্ত জার্নাল ডেস্ক :
সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে, যা সীমান্তে আটক হওয়া চোরাচালানগুলোর মধ্যে সর্ববৃহৎ। বুধবার বিজিবির সিলেট সেক্টরের অধীনে ব্যাটালিয়ন-৪৮ সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, কসমেটিকস, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, আগামী ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা এসব অবৈধ ভারতীয় পণ্য বাংলাদেশে নিয়ে এসেছিল।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জব্দকৃত মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”