ইলিয়াস আলীর স্ত্রী লুনার গাড়িতে হামলা: আওয়ামী সন্ত্রাসী গ্রেফতার
দিগন্ত জার্নাল ডেস্ক :
সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলার ঘটনায় এক আওয়ামী লীগে সন্ত্রাসীকে গ্রেফতার হয়েছেন। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদ, বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে ব্যস্ত।
বুধবার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগরের ওসি মো. মোনায়েম মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর, সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে তাহসিনা রুশদির লুনা নেতাকর্মীদের নিয়ে ওসমানীনগরে প্রচারপত্র বিলি করতে যান। প্রচারপত্র বিলি শেষে উপজেলার উত্তর গোয়ালাবাজার দাশপাড়া রোডে নিজের গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন। হামলাকারীরা রড দিয়ে তাকে হত্যার চেষ্টা করেন, তবে নেতাকর্মীরা তাকে আগলে রাখেন। হামলাকারীরা পরে তার গাড়ি ভাঙচুর করে এবং নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনার প্রায় ২২ মাস পর, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে মামলা করেন গোয়ালাবাজার ইউনিয়নের বিএনপি কর্মী মো. মন্নান বক্স। এই মামলায় বুধবার গ্রেফতার হন বেলাল আহমদ।