বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকারের নির্বাচন প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ - দিগন্ত জার্নাল

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকারের নির্বাচন প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

দিগন্ত জার্নাল ডেস্ক :

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা এবং জাতীয় নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র মতে, বৈঠকে নেতারা বলেন—সরকার জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করছে। গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এর পেছনে সরকারের একাধিক উপদেষ্টার ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন তারা। নেতারা আরও অভিযোগ করেন, আওয়ামী ঘরানার কিছু ব্যবসায়ী গোষ্ঠী একটি ইসলামী দল ও একটি নতুন দলকে ব্যবহার করে নিজেদের অবস্থান সংহত করছে।

বৈঠকে বিএনপি নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন। তারা বলেন, আওয়ামী ঘরানার কিছু ব্যবসায়ী বিশেষ সুবিধা নিচ্ছে, যা সরকার পরিবর্তনের পরও বন্ধ হয়নি। এসব কারণে ঘুস ও দুর্নীতি কমার বদলে বরং আরও বেড়েছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি বিশেষ দলকে কারা টাকা দেয়, কারা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয়, তা জাতির সামনে প্রকাশ করা উচিত। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমগুলো বিএনপির বিরুদ্ধে লেখালেখিতে বেশি মনোযোগী হলেও কিছু বিশেষ দলের কার্যক্রম সম্পর্কে নিরব ভূমিকা পালন করছে।

বৈঠকে বিএনপি নেতারা আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় তারা বুঝতে পেরেছেন, দেশের জন্য ভালো কোনো বার্তা নেই। তাই দলের শীর্ষ নেতাকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের বিষয়ে প্রশ্ন তোলা হয় বৈঠকে। নেতারা বলেন, এই কমিশন রাষ্ট্রের কোন পর্যায়ের অথরিটি? সংলাপে কোন দলগুলো থাকবে? শুধু নিবন্ধিত দল, নাকি অনিবন্ধিত দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে?

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের আলোকে জাতীয় ঐকমত্য কমিশনের চিঠির জবাব প্রস্তুতের বিষয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ এ নিয়ে একটি বৈঠক করেছেন। সালাহউদ্দিন আহমেদ জানান, দু-একদিনের মধ্যে তারা কমিশনের চিঠির জবাব দেবেন।

নেতারা সরকারের প্রতি দ্রুত একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান এবং বলেন, জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে বলে উল্লেখ করেন তারা।

an adbox will go here