ঈদে সড়ক অবরোধ না করার আহ্বান আইজিপির
দিগন্ত জার্নাল ডেস্ক :
ঈদ উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে সড়ক অবরোধ না করতে শ্রমিকদের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুর শিল্প পুলিশ কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, “ঈদের আগে সবার বেতন ও বোনাস পাওয়ার অধিকার রয়েছে। যেসব কারখানা বেতন ও বোনাস নিয়ে গড়িমসি করে, তাদের আমরা সতর্ক করি। তবে শ্রমিকরা যেন হুটহাট সড়কে নেমে জনগণের চলাচলে বাধা সৃষ্টি না করেন, সে বিষয়ে আইন রয়েছে।” তিনি শ্রমিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা আমাদের জানালে সমস্যা সমাধান হবে, আর পুলিশ দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।”
এছাড়া, ঈদ সময়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা ও আশপাশের এলাকা ঈদের সময়ে ফাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের ঘটনা রোধে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।” তিনি আশ্বস্ত করেছেন যে, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার জন্য পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে।
সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, গাজীপুর পুলিশ সুপার ডা. জাবের সাদিক ও শিল্প পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।