চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক :
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পরিকল্পনা অনুযায়ী, ২৬ মার্চ বিকালে ড. ইউনূস চীনের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। ২৮ মার্চ তিনি বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
২৯ মার্চ সকালে ড. ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাতে দেশে ফিরে আসবেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা চূড়ান্ত করতে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই প্রেস ব্রিফিং করবে।