সংসদ নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি - দিগন্ত জার্নাল

সংসদ নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সংস্কার, আলোচনা ও প্রস্তাব গ্রহণ চলবে, তবে আমাদের এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলব, জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগের স্কাইসিটি হোটেলে গণঅধিকার পরিষদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও সিদ্ধান্ত জরুরি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় আন্দোলন করেছে। আমরা সংস্কারের বিষয়ে একমত, তবে শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য স্পষ্ট কর্মপরিকল্পনাও দরকার।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে নুরুল হক নুরের ভূমিকা উল্লেখযোগ্য। আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত জনগণের চাহিদা অনুযায়ী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।’

একসঙ্গে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমরা যদি একসঙ্গে ইফতারের টেবিলে বসতে পারি, তাহলে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এক হতে পারি। তবে কিছু ব্যক্তি কৃত্রিমভাবে বিরোধ তৈরি করতে চায়। হিংসা ও বিভেদ নিয়ে একসঙ্গে চলা সম্ভব নয়। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসেছে। কিন্তু তারাও এখন সন্তোষজনক নয়। তাই যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’

নেতা-কর্মীদের উপস্থিতি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপির হাবিব উন নবী খান সোহেল, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ন্যাশনাল মুভমেন্টের প্রতাষ্ঠাতা-সভাপতি, জাগ্রত কবি মুহিব খান, ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিএমের ববি হাজ্জাজ, লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, এনডিপির ক্বারী আবু তাহের, আব্দুল্লাহ আল হারুন সোহেল, জাগপার খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।

an adbox will go here