গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক অবরোধ, পুলিশ সমাধানের চেষ্টা চালাচ্ছে
দিগন্ত জার্নাল ডেস্ক :
গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় স্মাগ সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা ঈদ বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধে যানচলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ বেসিকের ২৫% বোনাস ঘোষণা করলেও শ্রমিকরা ৫০% দাবি করছেন। এছাড়া ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল ও বাৎসরিক ছুটির দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন এবং পরে মহাসড়কে নেমে আসেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে। বাসন থানার ওসি কাউসার আহমেদ জানান, সময়মতো বেতন ও সরকার নির্ধারিত বোনাস পরিশোধ করা হয়েছে। তারপরও শ্রমিকরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে। তাদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ কাজ করছে।