মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
দিগন্ত জার্নাল ডেস্ক :
মাগুরার চাঞ্চল্যকর আট বছরের শিশু ধর্ষণ এবং হত্যা মামলার আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক সব্যসাচী রায় হিটু শেখের জবানবন্দি রেকর্ড করেন।
এ ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে ৫ মার্চ রাতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবশেষে ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় হিটু শেখসহ চারজনকে, যার মধ্যে হিটু শেখের স্ত্রী জাহেদা, শিশুটির বোন জামাই সজিব এবং সজিবের বড় ভাই রাতুলও আছেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত চার আসামিকেই গ্রেফতার করেছে।