চট্টগ্রাম-২ আসনে আগ্রহী প্রার্থীদের প্রস্তুতি, আসন্ন নির্বাচনে নতুন মুখের প্রত্যাশা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকলেও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিভিন্ন দলের আগ্রহী প্রার্থীরা মাঠে কাজ করছেন। এই আসনে সর্বশেষ সংসদ-সদস্য ছিলেন প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী দুই মেয়াদে এমপি নির্বাচিত হন।
এই আসনে বিগত তিন মেয়াদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তবে আগামীতে ভোট হবে এমন প্রত্যাশায় স্থানীয় ভোটাররা তাদের যোগ্য প্রার্থী বেছে নিতে আগ্রহী। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ফটিকছড়ি বৃহত্তম।
ফটিকছড়ি আসনে বেশিরভাগ সময়ই আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য ছিলেন। তবে, গত তিন মেয়াদে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী বিতর্কিত নির্বাচনে এমপি নির্বাচিত হন এবং তার বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগ ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন দলের আগ্রহী প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাংবাদিক কাদের গণি চৌধুরী নাম ভেসে উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী থেকে চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন মনোনয়ন পেতে প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকেও প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেছে। সুপ্রিম পার্টির চেয়ারম্যান মাওলানা সাইফুদ্দিন আহমদ আল হাসানি মাইজভান্ডারী দরবার শরীফের ভক্তদের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ আসনে আগামী নির্বাচনে নতুন মুখদের নিয়ে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশাবাদ রয়েছে।