আবরার ফাহাদ হত্যা মামলায় আজ রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে
দিগন্ত জার্নাল ডেস্ক :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর আজ রায় ঘোষণা হতে পারে। হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ (রোববার) এই মামলার রায় ঘোষণা করবে।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন, যার তদন্ত শেষে পুলিশ ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগে বলা হয়, আসামিরা আবরারকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মিথ্যা অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় প্রদান করে, যেখানে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর ২০২২ সালের ৬ জানুয়ারি ডেথ রেফারেন্স ও অন্যান্য নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স মামলা হিসাবে নথিভুক্ত হয়।
ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্সের আওতায় আসে। আসামিরা এই রায়ের বিরুদ্ধে জেল আপিল ও নিয়মিত আপিল করতে পারেন। সাধারণত ডেথ রেফারেন্স ও আপিলের ওপর একসঙ্গে শুনানি হয়।