চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস - দিগন্ত জার্নাল

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে রোববার সকালে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের শেষে জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। গুতেরেস ঢাকা ছাড়ার আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

সফরের সময় জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কক্সবাজারের উখিয়া এলাকায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং প্রায় এক কোটি রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। এছাড়াও, তিনি জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি তরুণ এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনাতেও যোগ দেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগেও ২০১৮ সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

an adbox will go here