নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল
সৈয়দ মাকসুদুল হক: । দিগন্ত জার্নাল
নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সামনে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক ডা. মাজহারুল আমিন, ডা. রামহান ইসলাম, ইন্টার্ন শিক্ষার্থী মাহফুজুল হক শাম্মি, ইমন, আতিক, সিয়ামসহ অন্যান্যরা। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে, যা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল কলেজটিকে অকার্যকর করার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরুর দাবি জানান এবং দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।