প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করায় ছেলে হাতে লাঞ্ছনার শিকার বৃদ্ধ দম্পতি, থানায় অভিযোগ - দিগন্ত জার্নাল

প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করায় ছেলে হাতে লাঞ্ছনার শিকার বৃদ্ধ দম্পতি, থানায় অভিযোগ

দিগন্ত জার্নাল ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এক বৃদ্ধ দম্পতি অভিযোগ করেছেন যে, তাদের ছেলে ভরণপোষণ না দিয়ে তাদের মারধর করেছে এবং নানাভাবে হয়রানি করছে। দ্বিতীয়বার বিয়ে করার পর ছেলের কাছ থেকে নির্যাতনের শিকার হচ্ছেন তারা। বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও কোনো ফল আসেনি এবং সর্বশেষ থানায় অভিযোগ দেওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। ফলে বিচারের আশায় তারা দ্বারে দ্বারে ঘুরছেন।

ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে ঘটেছে। ৯ সন্তানের জনক মো. রফিকুল ইসলাম (৯৩) প্রথম স্ত্রীর মৃত্যুর ৫০ বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর ৬ সন্তান থাকলেও তাদের মধ্যে হানিফ মিজি নামের একজন ছেলে সৎ মাকে মেনে নেয়নি। হানিফ দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ বাবা ও সৎ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছে এবং তাদেরকে মারধরও করেছে। এই অভিযোগে রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগম (৬৫) থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী রাশিদা বেগম জানান, তার সৎ সন্তানের মধ্যে অন্যরা ভালো আচরণ করলেও হানিফ ও তার পরিবার তাকে ও তার স্বামীকে বারবার হয়রানি করছে। তিনি বলেন, “ভরণপোষণ তো দেয় না, উল্টো মারধরও করেছে। আমার নিজের সন্তানদের বসতঘরও করতে দেয় না।” তিনি আরও জানান, তাই তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

রফিকুল ইসলাম জানান, তিনি জানেন না কেন হানিফ তাদের ওপর অত্যাচার করছে, তবে তিনি বেশ কয়েকবার মারধরের শিকার হয়েছেন।

অভিযুক্ত হানিফ মিজি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে বলেন, “আমার বাবার কোনো সম্পত্তি নেই, যেখানে আমার ভাই ঘর করতে চায়, সেখানে আমার নিজের সম্পত্তি রয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, এক পক্ষ বিষয়টি মেনে নিলেও অন্য পক্ষ মানছে না, ফলে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হচ্ছেনা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

an adbox will go here