পিরোজপুরে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, সাত জন বেকসুর খালাস - দিগন্ত জার্নাল

পিরোজপুরে হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, সাত জন বেকসুর খালাস

দিগন্ত জার্নাল ডেস্ক :

পিরোজপুরের আদালত হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে, প্রত্যেক দণ্ডিতকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতদের মধ্যে রয়েছেন— কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আ. আজিজের ছেলে মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭) এবং আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাতে কাউখালী উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীর বাজারে ডাকাতদল হানা দেয়। এই সময় রফিকুল ইসলামের সাইকেল পার্টসের দোকানে ঢুকে ডাকাতরা মালামাল ও নগদ টাকা লুটে নেয়। রফিকুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালানোর সময় বেশ কয়েকটি রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মারা যান মিজান নামে এক ব্যক্তি।

রফিকুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকি সাতজনকে মামলার ব্যাপারে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ও অ্যাডভোকেট এমডি আউয়াল, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু।

an adbox will go here