পুলিশ বাহিনী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: প্রধান উপদেষ্টা - দিগন্ত জার্নাল

পুলিশ বাহিনী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: প্রধান উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। তিনি সোমবার মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বলেন, “আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসেছি। ডিসেম্বরে নির্বাচন হবে, তাই দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে।”

পুলিশের কাজ এবং তাদের ভূমিকা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “আপনারাও সংস্কারের কথা বলেছেন। কারো জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। কাজটা করতে হবে এবং সেটি প্রতিষ্ঠিত করতে হবে।” তিনি আরও বলেন, “দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে একটি টিম হয়ে কাজ করতে হবে, এবং বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ। সরকার যা কিছুই করতে চায়, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তারা সব কিছু করে দেয় না, তারা পরিবেশ সৃষ্টি করে, যা ছাড়া কোনো কাজই সম্ভব নয়।”

ড. ইউনূস পুলিশ বাহিনীর ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “আইন ও শৃঙ্খলা পুলিশের হাতে বাস্তবায়িত করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কিছুই থাকে না।” তিনি আরও যোগ করেন, “আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারব না। তারাই সম্মুখসারির মানুষ, তারা ক্ষেত্র প্রস্তুত করলে বাকি কাজগুলো সহজেই সম্পন্ন হয়।”

পুলিশের কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে পুলিশের কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছে, তবে এগুলো সমাধানের চেষ্টা করা হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানের ফলে আমরা এক বড় সুযোগ পেয়েছি। এটিকে যেন হারিয়ে না ফেলি। আমরা সেটি চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারাও চেষ্টা করবে।”

পুলিশ বাহিনীর ভূমিকা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, “পথ সৃষ্টি করতে পুলিশের বড় ভূমিকা থাকতে হবে।”

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

an adbox will go here