ভালুকায় জমিতে মাটি ভরাটে বাধা, ভুক্তভোগীর অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় নিজ জমিতে মাটি ভরাট করতে গেলে বাধার মুখে পড়েছেন সিরাজুল ইসলাম। তার অভিযোগ, একই এলাকার আবু বকর সিদ্দিক ও তার ছেলে আবু সাইদ একদল লোক নিয়ে তাকে মাটি ভরাট করতে দেয়নি।
ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া চৌরাস্তা এলাকায়। জানা যায়, সিরাজুল ইসলাম ডাকাতিয়া মৌজার ৭৬৪০ নং দাগে ২৫ শতক জমি ক্রয় করে নিজের নামে খতিয়ান খুলে অনলাইনে খাজনা পরিশোধ করেন। ১৪ মার্চ তিনি ওই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে আবু বকর সিদ্দিক ও তার ছেলে বাধা দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, অভিযুক্ত আবু সাইদ দাবি করেছেন, তার বাবা সিরাজুল ইসলামের কাছে ২৫ শতক জমি বিক্রি করেছেন, তবে বিআরএস রেকর্ডে ২৬ শতক দেখানো হয়েছে এবং বর্তমানে তারা ৩৩ শতক জমি দখলে রেখেছেন। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে জমি সংক্রান্ত কাগজপত্র তিনি বুঝতে পারেননি, তবে এলাকার একজন তাকে জানিয়েছেন, তাদের পরিবার সেখানে ৮ শতক জমির মালিক। তিনি আদালতে ১৪৪ ধারা জারি করিয়েছেন এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই সিরাজুল ইসলাম মাটি ভরাট করছেন বলে দাবি করেন।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।