বেবিচক প্রধান প্রকৌশলী বিরুদ্ধে দুর্নীতির মামলার মধ্যেও চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব
দিগন্ত জার্নাল ডেস্ক :
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়ে মতামত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠিয়েছে। এর পাশাপাশি, প্রধান প্রকৌশলী পদে আরও তিন কর্মকর্তার জন্যও দুদকের মতামত চাওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, বেবিচক বোর্ড সভায় হাবিবুর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার তথ্য উল্লেখ না করেই তাকে সমর্থন করা হয়েছে।
হাবিবুর রহমানের বিরুদ্ধে চারটি দুর্নীতির মামলায় নয়শ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, যার মধ্যে কক্সবাজার এবং সিলেট বিমানবন্দর প্রকল্পের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ অগ্রিম বিল পরিশোধের অভিযোগ রয়েছে। অথচ বেবিচক বোর্ড সভায় এসব মামলার বিস্তারিত বিবরণ না দিয়ে, বরং তার পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী, যে ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া আইন পরিপন্থি।
দুদকের তদন্তের আওতায় থাকা হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে কোনও প্রকার প্রশাসনিক অনুমোদন দেননি এবং ঠিকাদারি বিল পরিশোধ করেননি। তবে, তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, সে সম্পর্কে বোর্ড সভায় কোনো উল্লেখ করা হয়নি।
এছাড়া, সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, মামলার মধ্যে থাকা ব্যক্তি যদি দায়িত্বে থাকেন, তবে তার পক্ষ থেকে আলামত নষ্ট করা কিংবা সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা থাকে, যা তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে।