ভারতে সহিংসতা, ২৫ মার্চের বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে উদ্বেগ - দিগন্ত জার্নাল

ভারতে সহিংসতা, ২৫ মার্চের বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে উদ্বেগ

ক্রিড়া প্রতিবেদক:

ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিতে বজরং দলের বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর সারা দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কারণ ২৫ মার্চ বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ শিলংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও অন্যান্য দলগুলোর বিক্ষোভের ফলে নাগপুরে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে অন্তত ৯ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছে পিটিআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। যদিও শিলং নাগপুর থেকে অনেক দূরে, তবুও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে বাফুফে।

বাফুফে সূত্র জানিয়েছে, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এএফসি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন।

এই ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক ঘটবে জাতীয় দলের হয়ে। সমর্থক ও খেলোয়াড়রা আশাবাদী, পরিস্থিতি শান্ত থাকবে এবং ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

an adbox will go here