যুদ্ধচুক্তি লঙ্ঘন করে গাজার উপর ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ - দিগন্ত জার্নাল

যুদ্ধচুক্তি লঙ্ঘন করে গাজার উপর ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

দিগন্ত জার্নাল ডেস্ক :

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় দখলদার ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন। এই গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। তারা ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ সব যুদ্ধাপরাধী নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে গ্রেফতার ও বিচার করার দাবি তুলেছেন।

এই বিক্ষোভের আয়োজন করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা, যারা আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলোর নিষেধাজ্ঞার দাবিতে ৩৪ দিন ধরে গণঅবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ থেকে ‘রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও’, ‘যুদ্ধবিরতিতে হামলা কেন, ইসরাইল জবাব দাও’, ‘গাজায় হামলা কেন, আমেরিকা জবাব দাও’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’—এমন নানা স্লোগান দেওয়া হয়।

জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক শিল্পী সাইয়েদ কুতুব বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনিদের গাজার বিধ্বস্ত এলাকায় ফেরত পাঠিয়ে প্রতারণা করেছেন। এরপরই দখলদার ইসরাইল পবিত্র রমজান মাসে ভয়াবহ গণহত্যা চালিয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহ—সব জায়গায় একযোগে হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা ও আহত করা হয়েছে।

তিনি বলেন, “গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হচ্ছে না, বিশ্বমানবতাই আজ ঔপনিবেশিক হানাদার ইসরাইলের আগ্রাসনের শিকার। এখন সময় এসেছে বিশ্ববাসীর ঐক্যবদ্ধভাবে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”

ছাত্র-জনতার অবস্থানের সংগঠক বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, “ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে গণহত্যা শুরু করেছে, এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত গাজা দখল পরিকল্পনারই অংশ। আমরা বিশ্বের সব মুসলমান এবং বিবেকবান মানুষকে আহ্বান জানাই, ফিলিস্তিনিদের রক্ষায় গাজায় সেনা পাঠান।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য তামিম আনোয়ার, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য কাজী আশিকসহ আরও অনেকে।

বিক্ষোভকারীরা ইসরাইলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

an adbox will go here