ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বান - দিগন্ত জার্নাল

ইসরাইলের গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বান

দিগন্ত জার্নাল ডেস্ক :

যুদ্ধবিরতির মধ্যে গাজায় দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি অবিলম্বে এই গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যার জন্য অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সহযোগীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় ৩৫০-এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে সাত শতাধিক মানুষ। কাপুরুষোচিত এই হামলার মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যা গুরুতর অপরাধের সামিল।”

তিনি বলেন, “গাজায় অর্ধ লক্ষাধিক মানুষ হত্যা ও কয়েক লাখ মানুষকে আহত ও পঙ্গু করার পরও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ হয়নি। এর মূল কারণ হচ্ছে, দখলদারদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরাইল নতুন করে গণহত্যার সাহস পেয়েছে।”

সাইফুল হক আরও বলেন, “একবিংশ শতাব্দীতে ইসরাইল গাজায় সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তা থামাতে ব্যর্থ হয়েছে। এটি প্রমাণ করে, পশ্চিমা বিশ্বের কথিত গণতন্ত্র ও মানবাধিকারের স্লোগান একধরনের তামাশা ছাড়া কিছুই নয়।”

তিনি অনতিবিলম্বে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নেতানিয়াহুসহ ইসরাইলি যুদ্ধাপরাধীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিও জানান।

বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করেন এবং বিশ্বব্যাপী শান্তিকামী জনগণকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

an adbox will go here