যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপির চার দিনের রিমান্ড মঞ্জুর
দিগন্ত জার্নাল ডেস্ক:
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন।
রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, “বেশি কথা বলতে নেই। বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে।”
এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করলে, মামুনের আইনজীবী মো. আব্বাস রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে ছিলেন এবং তিনি নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। তার বয়স ও শারীরিক অবস্থার কারণে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। শুনানির পর আদালত তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারপর তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন ভুক্তভোগী মো. সায়েম হোসেন। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় সায়েম হোসেনের মা শিউলি আক্তার গত ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।