মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বে হামলায় আরও এক জনের মৃত্যু
দিগন্ত জার্নাল ডেস্ক :
মাদারীপুরে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হামলায় আহত তাজেল হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে একে একে চারজনের প্রাণ গেল এই হামলায়। তাজেল গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান। এর আগে সাইফুল সরদার, আতাউর সরদার এবং পলাশ সরদার হামলায় প্রাণ হারান।
ঘটনার সূত্রপাত খোয়াজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার এবং প্রতিবেশী শাজাহান খানের মধ্যে বালু উত্তোলন ও এলাকাভিত্তিক আধিপত্য নিয়ে বিরোধ থেকে। ৮ মার্চ সকালে, সাইফুল সরদারকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদে একা পেয়ে শাজাহানের লোকজন হামলা চালায়। সাইফুলের চিৎকারে তার পরিবার ও এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করে। হামলায় আহত হন পাঁচজন, যাদের মধ্যে পলাশ সরদার ঘটনাস্থলে মারা যান।
আহতদের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়, এবং তাদের মধ্যে তাজেল হাওলাদার ১০দিন পর মারা যান।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, “এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এবং পুলিশি টহল বাড়ানো হয়েছে।”