ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড়, নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। যাত্রীসেবা, নিরাপত্তা ও সময় বাঁচানোর কারণে অনেকেই রেলপথকে বেছে নিচ্ছেন। টিকিটের উচ্চ চাহিদার কারণে ১৭ মার্চ রেলওয়ে অ্যাপ ও ওয়েবসাইটে ৩৫,৯১৩টি টিকিটের জন্য আড়াই কোটি বার ভিজিট করা হয়েছে। বর্তমানে কোনো টিকিট অবিক্রীত নেই।
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনসহ গাজীপুরের জয়দেবপুর স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। স্টেশনগুলো সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে, পাশাপাশি কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে মেডিকেল টিম রাখা হয়েছে।
এবারের ঈদযাত্রায় রেলসেবাকে স্বাচ্ছন্দ্যময় করতে টিকিট বিক্রির নতুন নিয়ম চালু করা হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের জন্য সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের জন্য দুপুর ২টায় টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে ব্যাপক চাহিদা থাকলেও সার্ভারে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ ডটকম।
বাংলাদেশ রেলওয়ে ১৪ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এবারের ঈদে ১২০টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে স্টেশনের প্রবেশ ও বাহিরের জন্য আলাদা গেট তৈরি করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বিনা টিকিটে ভ্রমণ রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাদে যাত্রী ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, বিশেষ করে কমলাপুর, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।