গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক আগ্রাসনে গাজাবাসীর উপরে নির্বিচারে গণহত্যা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে এ নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নতুন করে হামলা চালানোর ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সহিংসতার এই নতুন চক্র আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার শামিল।

এতে আরও বলা হয়, ইসরাইলি বাহিনীর অব্যাহত নির্বিচার বিমান হামলা মানবিক দুর্ভোগ বাড়িয়েছে এবং ফিলিস্তিনি জনগণের ওপর বিধ্বংসী পরিণতি ডেকে এনেছে। এ কারণে বাংলাদেশ এমন হামলার নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে ইসরাইলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, সর্বাধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলো সম্মান করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে সংলাপ পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে।

an adbox will go here