ঘুস লেনদেন মামলা: তারেক রহমানসহ ৮ জন খালাস
দিগন্ত জার্নাল ডেস্ক :
হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুস লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুস গ্রহণের অভিযোগে এক-এগারোর সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে। ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালতে আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারেক রহমানের আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে দুদকের বিরুদ্ধে মামলার সম্ভাবনার কথা বলেন।
এ রায়ের ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলেও তারা নিশ্চিত করেছেন।