পেঁয়াজের দাম নিয়ে দুশ্চিন্তায় ফরিদপুরের কৃষকরা - দিগন্ত জার্নাল

পেঁয়াজের দাম নিয়ে দুশ্চিন্তায় ফরিদপুরের কৃষকরা

দিগন্ত জার্নাল ডেস্ক :

দেশের পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা ফরিদপুরের কৃষকরা এবার ন্যায্যমূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। সালথা ও নগরকান্দা উপজেলায় পেঁয়াজ উৎপাদন বেশি হলেও বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম থাকায় তারা লোকসানের মুখে পড়ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই লাখ মেট্রিক টন। উৎপাদন ব্যয় মণপ্রতি ১,১০০ থেকে ১,২০০ টাকা, তবে বর্গাচাষিদের ক্ষেত্রে এই খরচ বেড়ে ১,৭০০ থেকে ১,৮০০ টাকা হয়েছে। অথচ বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৯০০ থেকে ১,০৫০ টাকায়।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার জানান, বীজের দাম বেশি ও সেচব্যয় বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। তবে মৌসুমের শুরুতে দাম কম থাকলেও পরবর্তীতে বাড়বে বলে আশা করছেন তিনি। কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্যে পেঁয়াজ কেনার উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাহাদুজ্জামান বলেন, এ বছর উৎপাদন ভালো হওয়ায় শুরুর দিকে দাম কিছুটা কম থাকলেও সামনের দিনে বাজার পরিস্থিতির উন্নতি হতে পারে।

an adbox will go here