নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত - দিগন্ত জার্নাল

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত


সৈয়দ মাকসুদুল হক

নেত্রকোনার আটপাড়া উপজেলার গণিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ২০২৫) ভোর রাতে এই হামলার ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম রাজাপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল মিয়া ও তার মামা লাল মিয়ার মধ্যে জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার (১৯ মার্চ) এই বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

বৃহস্পতিবার ভোরে সেহরীর প্রস্তুতির সময় হঠাৎ লাল মিয়া ও তার পরিবার দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাবুল মিয়ার পরিবারে ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২:৩০টায় নুরজাহান বেগম মারা যান। আহত তিনজন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, ভোর ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

an adbox will go here