ভারতের পরিকল্পনায় আ’লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র ক্যান্টনমেন্টে: হাসানাত আব্দুল্লাহ
দিগন্ত জার্নাল ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন।
হাসনাত আব্দুল্লাহ জানান, গত ১১ মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট থেকে তাকে ও আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, “আমাদের বলা হয়, একাধিক রাজনৈতিক দল ইতোমধ্যে শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা বর্তমান পরিস্থিতির জন্য উত্তম হবে।”
তিনি আরও বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ গঠনের প্রতিশ্রুতি দেবে।” তবে তারা এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার কথা জানান।
হাসনাত আব্দুল্লাহর মতে, “জুলাই আন্দোলনের সময়ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু জনগণের শক্তিতে সেই চাপ উপেক্ষা করা সম্ভব হয়েছে। আজও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে।” তিনি আহ্বান জানান, “আওয়ামী লীগের কামব্যাকের সুযোগ নেই, বরং তাদের নিষিদ্ধ করতেই হবে।”