অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা: ফখরুল - দিগন্ত জার্নাল

অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা: ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংকটময়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে দেশে স্থিতিশীলতা আসবে না। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ দিতে হবে, নইলে নতুন করে সংকট তৈরি হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের অনুশীলন অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ করে মতপ্রকাশের স্বাধীনতা দমন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের সংস্কৃতি চলছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। জনগণের অধিকার নিশ্চিত হোক। কোনো দলকে নিষিদ্ধ করে, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে বা রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে দেশের সংকটের সমাধান করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।’

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

an adbox will go here