আওয়ামী লীগ বিদেশি শক্তি, ডিসেম্বরে নির্বাচন: মাহফুজ আলম - দিগন্ত জার্নাল

আওয়ামী লীগ বিদেশি শক্তি, ডিসেম্বরে নির্বাচন: মাহফুজ আলম

দিগন্ত জার্নাল ডেস্ক :

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে প্রতিস্থাপিত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। তবে এ ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।

শুক্রবার রাজধানীতে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে নোফেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনই তারা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়। তবে এবার জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয় অর্জিত হয়েছে। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে, এই জয় রাজনৈতিকভাবে সংগঠিত আন্দোলনের ফসল। যদি ঐক্য বজায় না থাকে, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে।

নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সবাইকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে জানিয়েছেন, নির্বাচন যথাসময়ে হবে এবং এর জন্য সময়সীমা নির্ধারিত রয়েছে।

তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে, নাশকতা পরিহার করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তাহলে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

an adbox will go here