বাগেরহাটে উদ্ধার হলো ২০ ফুট লম্বা বিশাল অজগর সাপ
দিগন্ত জার্নাল ডেস্ক :
২১ মার্চ ২০২৫: বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরবর্তীতে বন বিভাগের অনুমতিতে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সিপিজি লিডার মো. খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের মরিয়ম বেগম দুপুরে স্থানীয় মালেকের বাড়ির বাগানে সাপটি দেখতে পান। সাপটি একটি ছাগল পেঁচিয়ে ধরেছিল, তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটি ছেড়ে দেয় এবং পাশের ঝোপে চলে যায়। পরে উদ্ধারকারী দল সাপটিকে ধরা সম্ভব হয়।
উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৫৫ কেজি। স্থানীয় এলাকাবাসী এ ধরনের বড় সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি, সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।