অনলাইনে সংবাদ সম্প্রচারে নিষেধাজ্ঞা বাতিলের প্রস্তাব:গণমাধ্যম সংস্কার কমিশন - দিগন্ত জার্নাল

অনলাইনে সংবাদ সম্প্রচারে নিষেধাজ্ঞা বাতিলের প্রস্তাব:গণমাধ্যম সংস্কার কমিশন

দিগন্ত জার্নাল ডেস্ক:

গণমাধ্যম সংস্কার কমিশন অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার করার নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব করেছে। শনিবার (২২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছেন কমিশনের প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। প্রতিবেদনে ‘অনলাইন পোর্টাল’ বিষয়ে সাত দফা সুপারিশ করা হয়।

প্রথম সুপারিশে বলা হয়, অনলাইন পোর্টাল নিবন্ধনের নীতিমালা হালনাগাদ করা এবং এর আওতায় নিবন্ধন দেওয়ার দায়িত্ব স্বাধীন গণমাধ্যম কমিশনের কাছে অর্পণ করা। দ্বিতীয় সুপারিশে বলা হয়েছে, গত দশকে যে অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে, তা স্বচ্ছ নীতির আওতায় হয়নি এবং সরকারের প্রভাবের মাধ্যমে সম্পাদিত হয়েছে, তাই এগুলো পর্যালোচনা করা প্রয়োজন।

তৃতীয় সুপারিশে, অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য নিরাপত্তা সংস্থার তদন্ত ব্যবস্থা বাতিল করা এবং পুলিশি তদন্ত ব্যবস্থাকেই যথেষ্ট গণ্য করা। চতুর্থ সুপারিশে অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন পদ্ধতি বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে।

পঞ্চম সুপারিশে কমিশন অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচারের নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব দিয়েছে। ষষ্ঠ সুপারিশে, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সরকারি বিজ্ঞাপন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এবং সপ্তম সুপারিশে অনলাইন পোর্টালের জন্য ট্রেড লাইসেন্সের ফি কমানোর আহ্বান জানানো হয়েছে, যা বর্তমানে সংবাদমাধ্যমের জন্য নিরুৎসাহক।

এই প্রস্তাবগুলি দেওয়ার উদ্দেশ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা। কমিশন আরও দাবি করছে, সরকারের অনুমোদিত নীতিমালার মধ্য দিয়ে এসব প্রস্তাব কার্যকর হলে গণমাধ্যমে আরও স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

গণমাধ্যম সংস্কার কমিশনটি গত ১৮ নভেম্বর গঠন করা হয়, যার প্রধান করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে।

an adbox will go here