এনসিপি আহ্বায়ক: আওয়ামী লীগের পুনর্বাসন কঠোরভাবে দমন করা হবে
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। যদি তাদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা করা হয়, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।
শনিবার বিকালে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মাটিতে নতুন করে আর কখনো এক এগারো হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার হতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রশাসনকে দলীয়করণ করেছে এবং সেই প্রশাসনকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণই রাষ্ট্রের মালিক, তাদের মালিকানা ফিরিয়ে দিতে কার্যক্রম চলছে। দেশের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি।