মানহানির অভিযোগে বাসস সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে যুগান্তর সম্পাদকের মামলা
দিগন্ত জার্নাল ডেস্ক:
দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার মানহানির অভিযোগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে তিনি এই মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। মামলার অপর আসামিরা হলেন—ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত আসাদুজ্জামান আসাদ।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৭ মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন এবং সেটি আবদুল হাই শিকদারের লেখা বলে উল্লেখ করেন। ওই পোস্টে দাবি করা হয়, কবিতাটি বিএনপির সুবিধাভোগী হয়ে থাকা এক কবির লেখা, যা খালেদা জিয়াকে অবমাননা করে। একই কবিতা খাইরুল আলম ও আসাদুজ্জামান আসাদও তাদের ফেসবুকে শেয়ার করেন এবং কবিতাটির সঙ্গে আবদুল হাই শিকদারের নাম জড়িয়ে দেন।
এ বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, “আমি ক্লিন জীবনযাপন করেছি। আসামিরা আমার সম্মান ক্ষুণ্ন করতে মিথ্যা, বানোয়াট, উদ্ভট পোস্ট দিয়েছে। কবিতাটি আদৌ আমার লেখা নয়, এমন থার্ড ক্লাস কবিতা আমি কখনও লিখি না। আমি সামাজিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছি, তার বিচার চাই।”
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের উদ্দেশ্যপ্রণোদিত এই পোস্ট বাদীর সম্মানহানি ঘটিয়েছে এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।