মাহমুদউল্লাহর অবসর নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মন্তব্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
অবসরের খুব কাছাকাছি আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম ইতোমধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, তামিম ইকবালও অবসরে চলে গেছেন, এবং সাকিব আল হাসানও দলে ফিরার বিষয়ে অনিশ্চিত। এখন শুধুমাত্র মাহমুদউল্লাহর অবসর নিয়ে আলোচনা চলছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, মাহমুদউল্লাহ অবসর নিয়ে ভাবনা শুরু করেছেন।
গেল সোমবার ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে বিসিবি। এরপর মাহমুদউল্লাহ চুক্তির বাইরে চলে যান, যা তার অবসর নিয়ে গুঞ্জন আরও বাড়িয়েছে। ফাহিম বলেছেন, “যেহেতু সেন্ট্রাল কন্টাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এ থেকে বোঝা যায় সে অবসর নিয়ে চিন্তাভাবনা করছে।”
তিনি আরও জানান, “যতটুকু আমি মনে করি, চিন্তা ভাবনার একটা সলিড জায়গায় পৌঁছালে আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং মিডিয়ার সামনে তা প্রকাশ করব। তখনই আমরা স্পেসিফিক কিছু প্ল্যান ও প্রোগ্রাম ঘোষণা করতে পারব।”