মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা - দিগন্ত জার্নাল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

দিগন্ত জার্নাল ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২৬ মার্চ (বুধবার) ভোর ৬টায় নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে নেতা-কর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল সাড়ে ৮টার মধ্যে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ঢাকায় ফিরে বিএনপির নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও সূরা ফাতেহা পাঠ করবেন। একই দিনে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ বিএনপির সব ইউনিট আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজস্ব উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেশব্যাপী কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

an adbox will go here