ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১০ দফা সুপারিশ পরিবহণ মালিক-শ্রমিকদের
দিগন্ত জার্নাল ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ১০ দফা সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন। সোমবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম ১০ দফা সুপারিশ উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে— ঢাকার বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার, যানজটমুক্ত পরিবহণ নিশ্চিত করা, নির্ধারিত সময় পর্যন্ত পণ্যবাহী পরিবহণ বন্ধ রাখা, চাঁদাবাজি ও সড়কে অপরাধ দমনে পুলিশের বিশেষ টহল চালু করা, যাত্রীদের সহায়তায় টার্মিনালগুলোতে ‘হেল্প ডেস্ক’ স্থাপন, নির্ধারিত ভাড়া তালিকা প্রকাশ করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
এছাড়া, ফিটনেসবিহীন ও অনুপযুক্ত বাস চলাচল বন্ধ রাখা, সিটি পরিবহণের দূরপাল্লার যাত্রী বহন নিষিদ্ধ করা, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের বাস চালানো থেকে বিরত রাখা এবং ‘ঈদ বকশিশ’ বা অন্য যে কোনো অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ নিষিদ্ধের সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো পরিবহণ কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সিনিয়র সহসভাপতি ও ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ অন্যান্য নেতারা।