শোডাউন নিয়ে সমালোচনা, স্বচ্ছতার প্রশ্নে জারার চিঠি, জবাব দিলেন সারজিস - দিগন্ত জার্নাল

শোডাউন নিয়ে সমালোচনা, স্বচ্ছতার প্রশ্নে জারার চিঠি, জবাব দিলেন সারজিস

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে গিয়েছিলেন, এরপর শতাধিক গাড়ির বহর নিয়ে বাড়ি ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর নিজের এলাকায় এই ‘শোডাউন’ দেওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার দলের যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা স্বচ্ছতার প্রশ্ন তুলে একটি খোলা চিঠি দিয়েছেন, যেখানে অর্থের উৎস সম্পর্কে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তাসনিম জারা লিখেছেন, “প্রিয় সারজিস, আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। সম্প্রতি শতাধিক গাড়ির বহর নিয়ে বাড়ি ফেরায় জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে। কিছুদিন আগেই তুমি বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই। ধার করে চলতেছি।’ সেই প্রেক্ষাপটে এত বড় আয়োজন কীভাবে সম্ভব হলো? এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে? আমি আশা করি, জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে।”

তাসনিম জারার পোস্টের পর সারজিস আলমও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তার বক্তব্য দিয়েছেন। তিনি লিখেছেন, “আমাদের চিন্তা-চেতনা থেকে যে বিষয়টি বাদ দিতে হবে, সেটি হলো— কেউ নতুন করে জাতীয় রাজনীতিতে এলেই সে নিঃস্ব, অসহায় হবে, এমন নয়। আমার কয়েক লাখ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার বা আত্মীয়-স্বজনের সেই সামর্থ্য নেই। রাজনৈতিক বাস্তবতা বোঝা জরুরি। মাঠের রাজনীতিতে টিকে থাকার জন্য কিছু প্রচলিত পদ্ধতিও আপাতত বজায় রাখতে হবে।”

সারজিস আরও লিখেছেন, “আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি, এত মানুষ, তাদের ভালোবাসা দেখে আমি নিজেই অবাক হয়েছি। আমার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি বহরের ব্যয় বহন করেছেন। বাকি ৫০টি গাড়ির জন্য প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে, যা আমার পরিবার ৫০ বছর আগেও বহন করতে পারত। শুধু আমার দাদা যা রেখে গেছেন, তা দিয়েই আমি নির্বাচন করতে পারব ইনশাআল্লাহ।”

এই বিতর্কের মধ্যেই এনসিপি’র অভ্যন্তরীণ স্বচ্ছতা ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

an adbox will go here