বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ইন্ডিয়া টুডের খবর ভিত্তিহীন: আইএসপিআর
দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত একটি বৈঠক প্রসঙ্গে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ইন্ডিয়া টুডে যে সংবাদ প্রকাশ করেছে, তা সেনাবাহিনীর নজরে এসেছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইউনূসবিরোধী অভ্যুত্থানের আশঙ্কার মধ্যে বাংলাদেশ আর্মির জরুরি বৈঠক’ শিরোনামে ইন্ডিয়া টুডের প্রতিবেদনটি অপেশাদার সাংবাদিকতার উদাহরণ এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ। প্রতিবেদনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও গুজব ছড়ানোর অপচেষ্টা। ‘আসন্ন অভ্যুত্থানের’ দাবি সম্পূর্ণ মিথ্যা।
আইএসপিআর আরও জানায়, দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ইন্ডিয়া টুডে ধারাবাহিকভাবে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবা, গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানানো হয় এবং দুই দেশের জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে পারে—এমন ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।