দেশের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও সেনাবাহিনী পাশে থাকবে: সেনাপ্রধান - দিগন্ত জার্নাল

দেশের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও সেনাবাহিনী পাশে থাকবে: সেনাপ্রধান

দিগন্ত জার্নাল ডেস্ক:

অতীতের মতো ভবিষ্যতেও দেশের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সেনাবাহিনী জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা ও শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়।

সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যেখানে তরুণ সমাজ সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়সংগত দাবি আদায়ের অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী সব সময় দেশের মানুষের স্বপ্নপূরণে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সেনাপ্রধান অঙ্গীকার করে বলেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’—এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশমাতৃকার কল্যাণে কাজ করবে। তিনি দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও শৃঙ্খলার মাধ্যমে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

an adbox will go here