বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - দিগন্ত জার্নাল

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্দেশে পাঠানো বার্তায় বলেন, ‘ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী, যা বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারত বাংলাদেশকে গণতান্ত্রিক, স্থিতিশীল ও অগ্রসরমান দেশ হিসেবে দেখতে চায়।’

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, ‘বাংলাদেশের জাতীয় দিবসে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে এবং এই সম্পর্ক বহু ক্ষেত্রে বিকশিত হয়েছে। আমরা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

an adbox will go here