চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় তিনি হাইনান পৌঁছান। চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস-গভর্নর বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস। ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সফরে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য চীনের বিভিন্ন কারখানাকে বাংলাদেশে স্থানান্তরের বিষয়ে আলোচনা করা। অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চায়, এবং এই সফর সেই লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২৯ মার্চ সকালে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। সফরের অংশ হিসেবে তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন।
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে চীনা কোম্পানিগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন শিল্প এবং স্বাস্থ্যসেবায় চীনের বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হবে। চীন ইতোমধ্যে বাংলাদেশের সোলার এনার্জি খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং আরও চীনা কোম্পানিকে বিনিয়োগে আগ্রহী করতে কাজ চলছে।
এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে চীনে আম, কাঁঠাল ও পেয়ারা রপ্তানির নতুন সম্ভাবনা উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। তবে সফরে কোনো চুক্তি স্বাক্ষর হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।