বোয়াও ফোরামে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি বক্তব্য শুরু করেন।
হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি-মুন এবং মহাসচিব ঝাং জুন বক্তৃতা করার কথা রয়েছে।
এদিকে, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, অধ্যাপক ইউনূস জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
চার দিনের সরকারি সফরে বুধবার (২৬ মার্চ) বিকাল ৪টা ১৫ মিনিটে সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর।
বোয়াও ফোরামের পাশাপাশি, অধ্যাপক ইউনূস চীনের শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
এরপর ২৯ মার্চ তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও, তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে বৈঠক করবেন, যাতে তারা বাংলাদেশে যৌথ উদ্যোগের মাধ্যমে হাসপাতাল স্থাপনের বিষয়ে আগ্রহী হয়।
চার দিনের সফর শেষে ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।