প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী
দিগন্ত জার্নাল ডেস্ক:
চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অর্থসংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টের মাধ্যমে রাশিয়াকে অর্থ পরিশোধ করছে। তিনি আরও জানান, চলতি বছরের শেষের দিকে কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এছাড়া, বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি গম ও সার আমদানি করবে এবং দেশটির জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে আরও অফশোর ও অনশোর অনুসন্ধান কার্যক্রম পরিচালনায় আগ্রহী।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বাংলাদেশ-রাশিয়া জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ দিতে চায়। তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশে আরও বেশি পরিমাণে গম ও সার রপ্তানি করতে আগ্রহী।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ড. খালিলুর রহমান উপস্থিত ছিলেন।